মানুষই দেবতা গড়ে
নাট্যদলের সম্পাদকের ফোন - "দাদা একটু সমস্যায় পড়ে গেছি, একটা জিনিস আমাদের ম্যানেজ করে দিতে হবে! "
নাট্য উৎসবের উদ্যোক্তাদের কাছে এই ফোনগুলো খুব আতঙ্কের! তবুও স্বাভাবিক ভাবেই জিগ্যেস করতে হয় -- "হ্যাঁ বলুন না কি করতে হবে?
সব ব্যবস্থা করে দেবো, আপনারা ঠিক সময় আসছেন তো? কোনো অসুবিধা ? আমরা কিন্তু আপনাদের নাটকটা নিয়ে দারুণ প্রচার করেছি--- এক নিঃশ্বাসে এতগুলো কথা উগরে দেয় অতঙ্কিত উদ্যোক্তা। ওপারের মানুষটি এই আশ্বাসবাণীতে কিছুটা স্বাভাবিক হয়ে বলেন- " না না তেমন কিছু না। আমাদের একটা কার্ত্তিক জোগাড় করে দিতে হবে। ন্যাংটো কার্ত্তিক।"
মানে ---
--" আরে জ্যান্ত না দাদা, মাটির। আসলে এবারের কার্ত্তিক পুজোয় আমাদের দিকে কার্ত্তিকের ডিমান্ড এতোটাই বেশি ছিল যে একপিসও কুমোরটুলিতে মেলাতে পারলাম না। নাটকের একটা দৃশ্যে ওই কার্ত্তিকের মূর্তিটি লাগবে। ব্যবস্তা করা যাবে?"
যাবে মানে, না পেরে আর উপায় কি! নাটক বলে কথা। ওই একটির কারণে তো শিল্পকে ক্লিশে হতে দেওয়া যায় না।
উদ্যোক্তা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিল--
"ব্যবস্থা হয়ে যাবে, আপনারা চলে আসুন।"
এই আশ্বাসবাণী শুনে নাট্যদলের সম্পাদক তরঙ্গমাধ্যমে ধন্যবাদ - কৃতজ্ঞতার ইকেবানা পাঠিয়ে দিলেন। বিলম্ব না করে - চল লাল্টু কুমোরটুলি - বলে বাইক নিয়ে বেরিয়ে গেল উদ্যোক্তারা।
একটা- দুটো- তিনটি- কুমোরবাড়ি ঘুরে চিত্র সেই একই। এখানেও কার্ত্তিকের স্টক শেষ। হেব্বি ডিমান্ড ছিল এবার!
কিন্ত কথা দেওয়া হয়ে গ্যাছে নাট্যদলকে! - -- বিশাল প্রেস্টিজের ব্যপার! কি করা যায় -- কি করা যায়..!! ভাবতে ভাবতেই লাল্টুর নজরে পড়লো একটা মূর্তি --- সরস্বতী পুজোর সিজেন, সার সার সরস্বতী মূর্তি রাখা। তারই মাঝে কয়েকটা মূর্তির বসার ভঙ্গি একেবারে ন্যাংটো কার্ত্তিকের মতো। লাল্টু সেইদিকে তাকিয়ে বললো -- দাদা এই সরস্বতীগুলো এমন কার্ত্তিক মার্কা পোজ দিয়ে আছে কেন?
পাল মহাশায় মুখে একটু অস্বস্তি নিয়ে বলল- না- মানে- আসলে পুরোনো স্টকের কয়েকটি কার্ত্তিক ছিল। ওটাকেই একটু বদলে নিয়ে সরস্বতী বানিয়ে দিয়েছি। লাল্টু এবার পেয়ে গ্যাছে পন্থা - " তো বেশ কাকা - এবার তুমি ওটাকে একটু বদলে কার্ত্তিক বানিয়ে দাও.... দলকে কথা দিয়েছি। প্রেস্টিজ বলেও তো একটা জিনিস আছে। "
পাল মহাশয় এবার একটু আহ্লাদিত হয়ে বললেন -" আপনারা বললে তা আমি করে দিতে পারি। "
ভেঙে- গড়ে একটু বদলে নিয়ে সরস্বতী কার্ত্তিক হয়ে উঠতে শুরু করলো।
No comments:
Post a Comment