আটটার ফোন
ঘড়িতে রাত আটটা বাজলেই একটি ফোন আসে ক্রিং ক্রিং। তখন রামবাবু
সঙ্গী সাথীদের কোনও কথাই আর কানে তোলেন না। জায়গা থেকে উঠে সোজা বাড়ির পথে হাঁটতে থাকেন। জিজ্ঞেস
করলে বলেন বাড়িতে কাজ আছে।
রোজদিন বারাসাত একনম্বর প্লাটফর্মে অবসরপ্রাপ্ত এবং বয়স্ক
বৃদ্ধরা আড্ডা দেয় । রামবাবুও নিয়ম করে আসেন। সুখ,দুঃখের কথা, নাতি নাতনি, ছেলে বৌমা,
কিছুই বাদ যায়না। মাঝে মাঝে সমাজ, রাজনীতি, বর্তমান প্রসঙ্গ নিয়েও আলোচনা চলে। হাসি
ঠাট্টায় জমে ওঠে বেশ। তর্কাতর্কিও কম হয়না। কিন্তু ফোন এলে রামবাবুর কথা থেমে যায়।
উঠে পড়েন ।
রামবাবু কয়েক দিন আর আসছেন
না। শোনা গেল ওনার গিন্নি খুব অসুস্থ,শয্যাশায়ী ।
আজ এসেছেন। বিভিন্ন কথা, গল্প
হচ্ছে। কিন্তু রামবাবু অংশগ্রহণ করছেন না। আটটা অনেক আগেই বেজে গেছে। অনেকে উঠে পড়েছেন।
কিন্তু রামবাবু উঠছেন না। একজন বলেই ফেললেন - দাদা আপনার তো এখনো ফোন এলো না।
রামবাবু বললেন আটটায় আর ফোন আসবে না। রাত হলেও কেউ শাসন করবে
না। এখন আমি মুক্ত বিহঙ্গ, স্বাধীন। বলতে বলতে চোখ দুটি সিক্ত হয়ে ওঠে।
No comments:
Post a Comment