Sunday, March 31, 2019

কবিতা - সন্তু জানা


 ছোঁ

কুণ্ডলী পাকিয়ে উপরে উঠে যাচ্ছে  বিষবাষ্প
হিংস্র আঁচড়ে আক্রান্ত মাটি
উপত্যকা জুড়ে রক্তস্নান
পঙ্কিল সরোবরে মিশে আছে
জ্যামিতির কাটাকুটি ।

কিন্তু অনেক দূরে
তারও পরে
মিলিত হবে ওরা সকলেই
বারুদের ঘ্রান
বালকের স্বর্গসুখ
কিংবা
বিয়াল্লিশ টুকরো মাংসপিণ্ডের
চুলচেরা হিসেব ।

দ্যাখো , এক টুকরো নীড়ের খোঁজে
আলতো নীল আলোয় ভাসতে ভাসতে  
ওরা সকলে মিলে কেমন হাতে হাত ধরে
পাখি হয়ে আছে 

ছোঁ মেরে তুলে নিতে চাইছে  
হিমঘরে অনুশীলনরত থিয়েটার দলটি   
অথবা
ওই রিমোট কন্ট্রোল হাতে বসে থাকা
দুটি রোবটের মাথা  । ।

No comments:

Post a Comment