Sunday, March 31, 2019

কবিতা - মানসী মিশ্র হালদার


গোধূলির আলো

ভারতবর্ষ
আমার স্বপ্নের ভারতবর্ষ
আমার ভালোবাসার ভারতবর্ষ-
তোমার এই বিশাল জন সমুদ্রে
এত হাসি কলরোলে
আমি কেন একা?
না না এ আমার ভুল।
অভিরূপ যখন জিজ্ঞেস করেছিল-
আমায় ভালোবাসলে কেন?
আমার জীবন যখন তখন---
ওর ঠোঁটে আঙুল চেপে বলেছিলাম
'আমাদের একটাই জীবন!'
ও আমার আঙুল
আলতো করে সরিয়ে
কপাল স্পর্শ করে বলেছিল-
আগামী ভ্যালেনটাইনে রাঙিয়ে দেব তোমার সিঁথি।
আমি বলেছিলাম
আমার সিঁথিতো রাঙানো
তোমার ভালোবাসায় !
ঐ দেখ গোধূলির আলো
ছড়িয়ে পড়েছে আকাশে,
মাথার ওপর লাল কূষ্ণচূড়া!
ও মিষ্টি হেসে
আমার চোখে চোখ রেখে বলেছিল-
মায়ের কাছে যেও মাঝে মাঝে---
আমি রোজ গিয়েছি অভিরূপ রোজ,
এখন কি করে তাকাব মায়ের দিকে-
কি করে?
না,না,ভুল বোঝোনা,
বীর শহিদের রক্তে
দেশের মাটি রাঙিয়ে দিয়ে
যে সিঁথি রাঙালে আমার
সেই অধিকারে-দায়িত্ব নিলাম
তোমার সমস্ত বাকী কাজের!
আমি জানি অভিরূপ
আমার মতো অপরাজিতারা
চিরকাল চোখের জলে
সিক্ত করেছে রক্ত মাটিকে ।
আমি কাঁদবনা,
না,কাঁদবনা আমি,
তোমার স্বপ্নকে বুকে চেপে
দু'চোখ হারাব বিশ্ব লোকে
তারপর হায়-
ঝরবে যখন শেষ রক্তবিন্দু
মিশে যাব তুমি আমি
দূর দূর নীল নীলিমায় ।

No comments:

Post a Comment