Sunday, March 31, 2019

কবিতা - ছোটন গুপ্ত


শোকবার্তা

ধর্ম আমায় ভাত দেয়না,ধর্ম বানায় সন্ত্রাসী,
এ দেশ ও দেশ নিত্য লুট হয়, বিবেক যখন সন্ন্যাসী । 

সৈন্য লড়ে দেশ বাঁচাতে, রাষ্ট্র লোটে দেশ মাটি,
যখন খাদ্য কাজের দাবি,অস্ত্রে সাজায় ঠিক ঘুঁটি।

দেশ মানে ভাই আমার চোখে মজুর কিষাণ ঐকতান,
সবার জন্য মুক্ত স্বদেশ, মাঠ ভরা সুখ নতুন ধান ।

মরছে যারা সীমান্তে বা কারখানা আর ক্ষেতখামার-
আপনজনের জন্য বাঁচি, ধর্ম চাইনা, দেশ আমার।

দাঙ্গাবাজকে ঘেন্না করি, সন্ত্রাসবাদ নিপাত যাক,
সুচেতনার বার্তা ছড়াই, সতর্ক পাহারা থাক ।

ধর্ম চাইনা, মানুষকে চাই হিন্দু হোক বা মুসলমান,
রাষ্ট্র শোষণ সন্ত্রাসহীন মানবতার গাইছি গান ।।

No comments:

Post a Comment