আলোকমালা
মা যে আমার চিনের প্রাচীর
বিঘ্নবিহীন জীবনতারা
আমাজনের ইচ্ছেখুশি
নির্মীয়মাণ স্রোতের ধারা।
মা যে আমার দূর গগনে
ভাস-মালিকা মেঘের কুচি
দিনদুপুরে নিদাঘ রাতে
হিমালয়ের শুভ্র শুচি।
মা যে আমার কাঠপুতুলি
ছেলেবেলার খেলনাবাটি
আগলে রাখা স্বপ্নময়ী
নিঙড়ানো রং সোঁদামাটি।
মা যে আমার স্মৃতির পাতা
মন্দ-ভালো আদরমাখা
গাছ-শিকড়ে সঞ্জীবনী
শরীর জুড়ে সবুজ আঁকা।
মা যে আমার ইষ্টসাধন
দূর অদূরে আলোকমালা
রূপকথাপুর যাদুর ছোঁয়া
একফালি চাঁদ সোনার থালা।
No comments:
Post a Comment