এই রাতে অন্ধকারে
অন্ধকারে একটি প্রদীপ জ্বলে আমার এই জীর্ণ
কুঁড়েঘরে ।
বাইরে গভীর রাতে আর্তনাদ করে ওঠে মৌসুমী হাওয়া;
আমি তার প্রতিধ্বনি টের পাই কম্পমান আলোর শিখায় ।
সংকীর্ণ সময়ের সুতোর ওপর দিয়ে যে রকম হেঁটে যায়
ক্ষুদ্র পিপীলিকা – আমিও তেমন করে লঘু পায়ে হেঁটে
যাই
উপকুলে, গভীর অরণ্য-পথে ভীত আর সন্ত্রস্ত হরিণ ;
আকস্মাৎ চরাচর ডুবে যায় অন্তহীন জমাট আঁধারে ।
এই রাতে অন্ধকারে তুমিও কি জেগে আছো একা ?
No comments:
Post a Comment