পলিথিন
অগ্নিতাপে চুলায় উপচে-পড়া
দুধের ফেনার মতো
গড়িয়ে পড়ছে সময় ।
আমি টের পাচ্ছি
সময়ের পোড়া মাংসের ঘ্রাণ ।
আমি সমুদ্রসমূহের ওপর
আমার আস্থা রেখেছিলাম ।
ভেবেছিলাম এই ধরিত্রীকে
শেষতক রক্ষা করবে সমুদ্র ।
কিন্তু আমার অন্তরাত্মা
আজ কেঁপে উঠলো ভয়ে
যখন সমুদ্রের তলদেশে
আবিষ্কৃত হলো পলিথিন ।
আমি ভাবতেও পারিনি,
মানুষের লোভের মলিন হাত
সর্বংসহা এই পৃথিবীর
এতোটাই গভীরে ঢুকেছে ।
No comments:
Post a Comment