বৃষ্টিমেয়ে
মাঝে মধ্যে বুকের ভেতর কেমন যেন নীল হয়ে আসে
এলোমেলো হয়ে যায় নদীজল, মগ্ন আলপথ ।
চৈত্রবাতাস বলেছিল, দ্বার ভেঙে দেবে
রোদবারান্দায় এনে দেবে সমস্ত আকাশ ।
হাঁটতে হাঁটতে তলিয়ে যাই বালুময় নিশির
চিত্রিত চরাচরে ।
তবুও কে যেন ডুব দেয় মেঘকুয়াশায়
বৃষ্টিমেয়ে দাঁড়িয়ে ছিল সামনে কোথাও, বলল
ফুল তুলেছো কোনওদিন কিম্বা
হলুদ ।
আমার মনে পড়ে যায় ভাঙা ইস্কুল বাড়ির কথা
বাদাম গাছের পাশে লণ্ঠন বারান্দায়
নীল লাল বহুরুপী, বাইশে শ্রাবণ ।
তারপর বৃষ্টি নামে এক বৃত্ত থেকে আরেক বৃত্ত জুড়ে
বৃষ্টিমেয়ের লালটিপ ধুয়ে যায়
ধুয়ে যায় এলোমেলো চুল, চিত্রিত হলুদ ।
বনের সমস্ত ছায়া মেঘে রোদবারান্দায় হাত রাখি, ফুল
ছুঁই
বালুময় চরাচরে একটু একটু করে জেগে ওঠে
এক ভোর ভোরের হলুদ ।
No comments:
Post a Comment