Monday, April 19, 2021

কবিতা - স্মরজিত বিশ্বাস

 

নববর্ষ

 

আমাদের ওই লড়াইটা থাক ওদের জন্য তোলা

আমাদের সেই বড়াইটা আজ বিশ্রী রকম ঘোলা

পাকের মাঝে বিপন্ন প্রায়, চারদিকে খুন জখম

আমরা এখন শ্রেণীহারা পথ গিয়েছি ভুলে

ডাইনে বামে সামনে পিছে বিষের ফণা তুলে

এগিয়ে আসে মানব-বিনাশ বিপদ হাজার রকম।


আমাদের কেউ কোথাও নেই অন্যরকম ভালো

জীবন থেকে উধাও এখন ছন্দ গীতি তালও ।

মিথ্যে কেবল সময় খরচ আবোল তাবোল হাঁটা

আমাদের সেই খুব সাধারণ জীবন গেছে মুছে

পরের ব্যথায় হৃদয় উজাড় কান্না গেছে ঘুচে

যে যার মতো সাজাই বাসর নেহাত সাদামাঠা ।


আমরা পারি ফুল ফোটাতে রঙিন ফাগুন ছাড়া

আমরা পারি উষর মাঠে গড়তে সবুজ পাড়া

মেঘের থেকে বাদল এনে ভয়াল সাগর দিতে

দূষণ দানব বিনাশ করে আকাশ দেবো নীল

পরস্পরের পরান জুড়ে গান গাবে কোকিল

দেব শিশুরা আসবে নেমে বিমল পৃথিবীতে ।


হাতটা ধরো তন্দ্রা তাড়াও চোখের আরাম থেকে

কালিমা সব বিদায় করো হৃদয় জাহাজ ছেকে

ভালো থাকার ফসল ফলাও ফেরাও সরল হর্ষ

লড়াইটা হোক অশুভ সব বিনাশকারীর সাথে

সুসভ্যতার পরম নিবাস বানাও শ্রমের হাতে।

সফল ধারার মিহিন আলোয় ভাসবে নববর্ষ ।



No comments:

Post a Comment