Sunday, April 18, 2021

অণুগল্প - মৌ দাশগুপ্ত

 

ফেরা


 জানলার চৌকোফ্রেমে বাঁধা আকাশে তখন থেকে একাকী এক চিল চক্কর মারছে  আধভাঙা তক্তাপোষে শুয়ে সেটাই দেখে যাচ্ছে মাধবী অনাবৃত নারীদেহে সজোরে পুরুষত্বটুকু ঢেলে দিতে দিতে অবনী খেয়ালও করছে না মাধবীর আপাত নিরাসক্তিটুকু দু'বছরের সম্পর্ক ওদের, অবৈধ অথবা পরকীয়া, সংজ্ঞাটুকু জানা নেই কারোরই  বিয়ের দুবছরের মাথায় বিধবা হয়ে শ্বশুরবাড়িতেই গলগ্রহ মাধবীর জীবনে অকালবসন্ত এনেছিল বাড়ির ভাড়াটে অবনী  দুজনেই বুভুক্ষু, আদরের কাঙাল  অবনীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল মাধবীকে কথা দিয়েছিল আইনী বিচ্ছেদ হলেই বিয়ে করবে । মাধবীও আঁকড়ে ধরেছিল অবনীকে । সবটুকু  উজার করে দিয়ে পেতে চেয়েছিল নিজের পুরুষটিকে ।  আজ শুনল, আত্মীয়দের মধ্যস্থতায় মিটমাট হয়ে গেছে, অবনীর বউ ঘরে ফিরছে অবনীর হাতের চাপে রথের মেলা থেকে কেনা কাঁচের চুড়িটা ভেঙে হাতে ফুটতেই সম্বিত ফিরল মাধবীর। চিলটা এরমধ্যে উড়ে গেছে নিজের গন্তব্যে ।

চিলেকোঠার নির্জনতায় সিক্ত মাধবী চৌকাঠ পার হয়ে আবার ফিরে এল প্রাত্যহিক একাকী জীবনের রোজনামচায়, পিছনে পড়ে রইল  কাঁচের চুড়ি আর বিশ্বাসের ভাঙ্গা টুকরোগুলো ।


No comments:

Post a Comment