চন্দ্রাহত
জানালা ধরে বসে ছিল একটা পাগল ।
সে চেয়ে চেয়ে দেখে, একটা চাঁদ বৃষ্টির জমা জলে
পড়ে আছে ।
পাগলটা ভাবে, ওই চকচকে জিনিসটা তুলে,
যেখানকার সেখানে রেখে দেবে ।
সে মাথা চুলকোয়, কিন্তু তার মনে পড়ে না,
চাঁদটার কোথায় থাকার কথা ।
ভোর হয়ে আসে । পাগলটার দু চোখে ঘুম নেই ।
কাজটা কঠিন, কিছুতেই তার মনে পড়ে না কিছু, কোথায় চাঁদের স্থান !
কোথায় থাকে ওই পূর্ণচন্দ্র ?
জল মাড়িয়ে চলে যায় ভোরের পথচারীরা ।
পায়ে পায়ে মলিন হয় জমা জলটুকু ।
আকাশ আলো করে সূর্য ওঠে ।
চাঁদ অদৃশ্য হয় ।
বেলা বাড়ে । ছায়ারা চলমান হয় ।
ব্যস্ত জনপদে বিরক্ত পথিক চেয়ে দেখে,
একটা পাগল একফালি কাদাজলের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, যেন কী খুঁজছে ।
এতগুলো মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, আর চলে যায় নিজ নিজ কাজে ।
কারোর মনে পড়ে না,
ঠিক কবে থেকে একটা মানুষ স্মৃতি-সত্তা হারিয়ে ফেললে,
সমাজের আকাশ থেকে সে সোজা জলে পড়ে যায় !
No comments:
Post a Comment