Tuesday, May 25, 2021

কবিতা - শ্যামাপ্রসাদ লাহা

 

একা চাঁদ ভগীরথ


মেঘপুঞ্জের চারপাশে তরঙ্গের ফুলশয্যা
ছায়া পথে হেঁটে চলে মাধ্যাকর্ষণ...
নীহারিকার ভাঙা দেয়ালে খসে পড়ে আলো
নক্ষত্র জানালায় উঁকি মারে আকাশ।
তারপর মাঝরাতে কালপ্যাঁচার ডাকে
ঘুম ভাঙ্গে ধানের শীষে; জোনাকিরা বরযাত্রী;
রাত ফুল মাথায় খুঁজে বয়ে চলে নদী।
জোছনা মাখা বালির চরে পদচিহ্ন ঝরে পড়ে
রাতচোরা পাখিটির ঠোঁটে অন্ধকার -বাসা
মহাশূন্যে ভাসমান অতীন্দ্রিয় ভালোবাসা।
এক আকাশ জুড়ে নীল তারা;
একা চাঁদ ভগীরথ;আকাশগঙ্গার খোঁজে
আজও হেঁটে বেড়ায় নির্জন বালির চরে !

No comments:

Post a Comment