‘মর্মমূলে বিঁধে আছে পঞ্চমুখী তীর
কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর’–
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভালবাসাকে ব্যঞ্জনা দিয়ে লিখেছিলেন বটে কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষেও এ যন্ত্রণা সমানভাবে তুলনীয় । গোক্ষুরে হানার যন্ত্রণার মতোই আমরা বেদনাবিদ্ধ । রোগগ্রস্থ পৃথিবী কি বিবর্ণ, বিপন্ন ।
কোভিড-১৯ এর ভয়াবহতা প্রতিদিন আমাদের আশঙ্কিত হওয়ার সীমানা বৃদ্ধি করে চলেছে। অযাচিত মৃত্যুমিছিল, নিরুপায় লকডাউন - সামজিক, মানসিক, অর্থনৈতিক সমস্তভাবেই আমাদের পঙ্গু করে দিচ্ছে । বিশ সালের বিষময়তা একুশেও নির্মূল হল না । আজ কোন নীলকণ্ঠ পান করে নেবে এই বিষাক্ত গরল, আগামী মানবসভ্যতার জন্য ?
তবু আর সমস্ত লড়াইএর মতো এ যুদ্ধেও জিততে হবে আমাদের । রুপ-রস-গন্ধ-স্পর্শময় এই পৃথিবীর আমরা সর্বশ্রেষ্ঠ জীব । আমাদের ক্ষমতা বেশি, আমাদের দায়িত্বও বেশি । More Power, More Responsibilities.
জন্মলগ্ন থেকে অনেক যুদ্ধ জয় করে এই অমৃতের সন্তানেরা পেয়েছে জীবনের ছাড়পত্র । জানি সামান্য ভাইরাস এ জন্মভিত নড়িয়ে দেওয়ার নয় । এ প্রবল প্রাণ মরু বিজয়ের কেতন ওড়াবে শূন্যে, আবারও একদিন, নিশ্চিত । তাই জীবনের এই আয়োজন, তাই গানের মেলা, তাই কবিতার আসর, তাই সৃষ্টির সমারোহ ।
গতমাসে নববর্ষ ব্লগ সংখ্যা প্রকাশিত হওয়ার পর এই মাসে প্রকাশিত হচ্ছে অচিনপাখি ডিজিটালের মে, সংখ্যা, ২০২১ । অচিনপাখি পত্রিকার প্রথম প্রকাশের সময় হিসেবে প্রিন্টেড ও ডিজিটাল মিলিয়ে এটি অচিনপাখির নবম বর্ষের ষষ্ঠ সংখ্যা ।
প্রায় তিন শতাধিক লেখা আমারা পেয়েছি এই সংখ্যার জন্য । তারই মধ্যে উপদেষ্ঠামন্ডলীর পরামর্শে ও সম্পাদকমণ্ডলীর মনোনয়নে ৭৫টি লেখা এই সংখ্যায় প্রকাশিত হল । বিশিষ্ট কবি-সাহিত্যিকদের পাশাপাশি নতুন ও তরুণ সাহিত্যিকদের লেখাও প্রকাশিত হল এই সংখ্যায় ।
লকডাউন পরিস্থিতে প্রিন্টেড সংখ্যা প্রকাশ করার নানান অসুবিধা থাকায় ডিজিটাল মাধ্যম যে, যেকোন চর্চার অন্যতম মাধ্যম হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না । সেই অনুধাবন থেকেই অচিনপাখি ডিজিটালের পথচলা শুরু ।
লেখা আহ্বান দেখে মেলে আগত অসংখ্য উৎসাহী সাহিত্যিকদের লেখা পেয়ে আমার শুধু আপ্লুতই নয় আত্মবিশ্বাসীও ।পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই এর পাশাপাশি বাংলাদেশ, ওমান, মাস্কট থেকেও লেখা পাঠিয়েছেন অনেকে । সকলের এই উৎসাহই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ।
ব্লগের পাশাপাশি আগামিদিনে আমরা ই-ম্যগাজিন, পিডিএফ বা ফেসবুক প্ল্যাটফর্মেও সাহিত্যের নানা সৃষ্টিরাজি প্রকাশ করার উদ্যোগ নিতে আগ্রহী ।
এই অস্থির, অন্ধকারচ্ছন্ন সময়েও সৃষ্টির আনন্দ, সৃজনশীলতার উল্লাসই মানুষকে নতুন ভোরের আলো এনে দিতে পারে এই আমাদের বিশ্বাস ।
ব্লগটি পড়ুন, মতামত জানান, আগামী সংখ্যার জন্য লেখা পাঠান এই আহ্বান রাখি । অচিনপাখি পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ।
সাহিত্যে থাকুন, সৃষ্টিতে থাকুন, সৃজনশীলতায় থাকুন
সুমন্ত কুন্ডু
অনলাইন সম্পাদক
* * * * *
No comments:
Post a Comment