নতুন ইতিহাস
আমার ফেরারি মন তোমায় পাঠিয়েছে,
নীলাকাশে মেঘেদের উড়ো চিঠি,
এবার বৃষ্টি নামবে।
অকালের বৃষ্টিতে অঝোরধারায় স্নাত হয়ে,
তোমাকে পাঠাবো মাটির সোঁদা গন্ধ,
এবার সৃষ্টি হবে,
আরেকটি কালজয়ী প্রেমের উপাখ্যান।
দীর্ঘ অনাবৃষ্টির পর', আদুরে প্রকৃতির মন,
মেলে ধরেছে তার নরম তুলতুলে মাটির উর্বরতা,
এবার জন্ম হবে ,
কোনও এক অমর মানস কন্যার।
তার সোহাগী পায়ের মিঠে নিক্কনে,
মহাকাল নাচবে সত্যকে করে অঙ্গীকার,
এবার ধরণীসুতা সবলা হবে।
সীতার মতো পাতাল গহ্বরে নয়,
ঝড় ঝঞ্ঝায় মাথা তুলবে শতনাগিনীর মতো,
এবার বিষকন্যা জন্মাবে।
আঁধার রাতে তার শরীর ছুঁলে,
দংশন করবে বিষদন্তে ধর্ষিতা হলে,
এবার কন্যা নতুন ইতিহাস লিখবে।
No comments:
Post a Comment