Wednesday, May 26, 2021

কবিতা - উদয়ন চক্রবর্তী

 

শোক প্রস্তাব


শোক প্রস্তাব নিলে

শোক কী হারিয়ে  যায়

যেমন রোদ উঠলেই কুয়াশা ,

তখনও শোক দাঁড়িয়ে থাকে নিঃশব্দে

ওর ব্যবহৃত বারান্দায়,

ঘর গৃহস্থালির হাড় পাঁজরের ভেতর

ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে বেড়ায়,

দেওয়ালে টাঙানো চন্দন টিপ থেকে

খসে পড়ে শোকের অশ্রু শিশির --

যেমন কবিতার ধারেকাছে  না গেলেও

কাউকে কাউকে কবিতা জাপটে ধরে কখনও কখনও 

কবিতা নিজস্ব সুগন্ধি ছড়ায় অদৃশ্য চন্দনে

তেমন শোকেরও নিজস্ব কবিতা আছে। 

তেমনি শোক কবিতা হয়ে লেপটে থাকে

সিঁড়িতে নিঃস্ব ছাদের কার্নিসে বারান্দায় 

কত না পাওয়া নিজস্ব শোক বুকে নিয়ে চলে যায়

নিষ্ঠুর সময় কৌতুকের হাসি হাসে,

ভাগ ভাগ আয়তক্ষেত্রে শোক বাঁচে নিঃশব্দে

কোনো প্রস্তাবের ধার ধারেনা কখনও।



No comments:

Post a Comment