Thursday, May 30, 2024

কবিতা- সুমন্ত কুন্ডু

হে মহাজীবন ! 

এ মহানিয়তির নিয়ম, 
পৃথিবীর নিয়ত পরিক্রমণে 
আবাহমানের সৃষ্টি ডুবে যায় সমাপ্তিরেখায় । 
ভেঙে যায় রাজছত্র, জয়স্তম্ভ, 
শেষ হয়ে যায় শতাব্দী প্রাচীন সভ্যতাও– 
পৃথিবীর সব সত্য ইতিহাস হয় একদিন । 

‘শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা’
এই তো মহাকালের সত্যি । 
পঁচিশে বৈশাখও প্রতিবছর আসে, যায়– 
ঘরে বাইরে আরও এক সত্যি এসে দাঁড়ায় । 

প্রাণের গভীরে যেটুকু শক্তি আমাদের জীবন্ত রেখেছে 
যে টান ধরে রেখেছে শূন্যের জগত– 
তারই প্রতিধ্বনি কালে কালে বেজেছে যন্ত্রে, সঙ্গীতে 
নক্ষত্রের ধ্যানে আর, সৃষ্টির প্রলয় ইঙ্গিতে । 

তুমি যে শুনেছ হে বিরাট প্রাণ ! 
তোমার সৃষ্টির অক্ষয় শব্দে রেখে গেছ সেই শাশ্বত মন্ত্র 
প্রাণের স্পন্দন, শান্তির বাণী আর এক মহা ঔঙ্কার ধ্বনি ।

No comments:

Post a Comment