Friday, May 31, 2024

কবিতা- অসীম সাহা

রবীন্দ্রনাথ


আপনার সঙ্গে আমার যখন দেখা, তখন সকাল । 
মেঘমেদুর বরষায় হিম হওয়ার ভেতরে 
'এমন দিনে তারে বলা যায়' গাইতে-গাইতে
আমাকে জাগিয়ে দিয়ে আপনি চলে গেলেন সুদূরের দিকে;
সেই একদিন আমি এক বাউলের একতারায়
নিজেকে দেখতে পেয়ে বিস্মিত হলাম ।

তারপর,মধ্যাহ্নের উদাস অবসরে আমার একা ঘরে
আপনি এসে চেনা মানুষের মতো বসলেন;
শতাব্দীর একটি ধারালো সুতোর ওপর দিয়ে
আপনাকে কী করে অতিক্রম করতে হলো এক মহাসমুদ্র--
সেই কথা বলতে-বলতে আপনার নমিত মুখমণ্ডলে
একখণ্ড ঘন কালো মেঘ এসে জমা হলো;
এমনি করেই আমি আপনাকে আরো কাছে থেকে দেখলাম ।

একবার মধ্যরাতে আপনি এলেন অন্ধকারের ভেতর থেকে
আরো এক অন্ধকার হয়ে;
আমি আপনার অস্তিত্বহীনতার স্বপ্নে শিউরে উঠে
আমার কবিতার দগ্ধ পাণ্ডুলিপির ওপর
এমনভাবে মুখ থুবড়ে পড়ে রইলাম যে, মনে হলো,
আমি আর ঐ-স্বপ্ন থেকে কোনোদিন জেগে উঠবো না ।
অথচ আপনাকে দেখেই আমাকে জাগতে হলো
আপনাকে দেখেই কতবার ভাঙতে হলো দেয়াল
নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে হলো ডান থেকে বাঁয়ে
নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে থাকতে-থাকতে
মনে হলো কোনোদিন আর ঘুমাতে হবে না আমাকে ।

এখন আপনার সঙ্গে  অনেকদিন আমার তেমন দেখা-সাক্ষাৎ নেই;
আমার বাড়ির ভেতর বাগান থেকে অনেক দূরে সরে গেছেন আপনি,
আমিও এখন আমার সম্মুখে তুলে রেখেছি
আকাশ ছোঁয়া দেয়াল,
আমার ফুলের ঝুড়ির সবটুকুই  আমি ভোরে রেখেছি আমার নিজস্ব ফুলে;
আমার এই শূন্য ঘরে আপনার জন্য
এখন আর তেমন কোনো ঠাঁই নেই !

তবু নিয়তির মতো আমি আপনাকে
কিছুতেই অতিক্রম করতে পারিনা কেন ?

No comments:

Post a Comment