Friday, May 31, 2024

কবিতা- শ্যামাপ্রসাদ ঘোষ

পঁচিশে বৈশাখে


কে যেন  দিলো ডাক, বলল জেগে থাক, 
ডাকছে ভানু-মাঝি নদীতে ওই,
তা শুনে জেগে উঠে বেরোই এক ছুটে 
বলি, কে ডাকলে গো, কোথায়-- কই?

হলুদ রোদ্দুরে নাচছে ঘুরে ঘুরে 
যে পাখি সেও বলে: চল না যাই,
খুঁজি সে কোথা আছে, মাটিতে নাকি গাছে?
দেখি, কী ধীর ভাবে বয় কোপাই।

ওপারে গান বাজে ভুবনডাঙা মাঝে 
গাছেরা নব সাজে সাজছে যে,
ওই তো বৈশাখ  দিচ্ছে তার ডাক 
বলছে: ছেলে মেয়ে আয় সেজে। 

তোদের সাজ দেখে ছাতিম দেবে ডেকে 
বলবে: ও পঁচিশ কই তিনি?
আমরা তাঁর ডাকে পঁচিশে বৈশাখে 
করব কবিতার বিকিকিনি ।

বোশেখ তুমি ভালো পঁচিশ এক আলো 
কোথাও নেই কালো--ঝলমলে
নেইকো নীরবতা, কেবলই তাঁর কথা 
ভক্তি ঘনঘটা প্রতি পলে।

এসো গো কবি এসো কথা ও গানে ভেসো
থাকুক তার রেশও চিরটাকাল,
পঁচিশে বৈশাখে পথে ও বন বাঁকে 
হৃদয়ে  কেউ আঁকে সোনার থাল।

No comments:

Post a Comment