আমার কথা
আমি যখন ভ্যান-রিক্সায় ইস্কুলে যাই রোজ
মন উড়ে যায় কোন অজানায় কেউ রাখে না খোঁজ ।
আবছায়া ভোর জড়িয়ে তখন কৃষ্ণচূড়ার শাখায়,
ঊষার আলো ঠিকরে পড়ে দোয়েল-শ্যামার পাখায় ।
হাওয়ায় ভেসে মন চলে যায় সহজ পাঠের পাতায়
তমিজ মিয়া গোরুর গাড়ি চালায় টোকা-মাথায় ।
ইচ্ছে করে ইটের ওপর ইট সাজিয়ে আমি
আকাশ-উঁচু দেয়াল গেঁথে ভারার থেকে নামি ।
সারা সকাল সিঁটিয়ে থাকি, ক্লাস-ঘর নিঃস্তব্ধ—
দূরের থেকে শুনছি কেবল ছাত-পিটুনির শব্দ;
রাস্তা দিয়ে বাসনওলা বাজাচ্ছে তার থালা,
আতাওলা হাঁকছে সুরে মাথায় ফলের ডালা ।
আমিও চাই তোমার মতো ইস্কুলে না গিয়ে
দু'চোখ ভরে বাইরেটাকে দেখব জানলা দিয়ে ।
ঠাকুর, তুমি আমার কথা ভাবছ না একবারও
তমিজ মিয়ার কাছে আমায় পৌঁছে দিতে পারো ?
No comments:
Post a Comment