Friday, May 31, 2024

কবিতা- শিবানী বাগচী

হে পরম প্রিয় 


শৈশবের অবুঝ মনে বারবার 
আমি রবি ঠাকুরকেই খুঁজেছি !

খুঁজেছি ধুলো ওড়া-
লাল মেঠো পথের আনাচে কানাচে,
পলাশ শিমুল ছড়ানো 
বসন্তের উঠানে, আবিরে গুলালে !

হ‍্যাঁ গো, সব সবখানে খুঁজেছি শুধু তোমায়,
খুঁজেছি একতারা মন বাউল গানের আখড়ায়,   
বন মহোৎসবে বন থেকে বনান্তে ।

সেদিনের ছোট্ট ভাবনায় 
আমার দু'চোখ ভরে শুধু একজন,
রবীন্দ্রনাথকে দেখতে চেয়েছিলাম ;
এক মুখ সাদা দাড়িওয়ালা রবীন্দ্রনাথ !

অথচ সময়ের ভাগ দৌড়ে-
আজ জীবনের শেষপ্রান্তে পৌঁছে 
পৃথিবীর আনাচে কানাচে, 
আমার শ্বাস-প্রশ্বাসে 
আমি যেন আজ তোমার দর্শন পাই !

কখনও ছুঁয়ে দেখি রিমঝিম বৃষ্টিতে 
কখনোবা বিদ্রোহের বহ্নিশিখায়-
খুঁজে পাই সুর তাল ছন্দে-
 প্রেম, প্রকৃতি, কখনোবা পুজোর থালায়!

তুমি শুধু জোড়াসাঁকোতে নও,
পঁচিশে বৈশাখেও নও ? 
বাইশে শ্রাবণেও নও ?
তুমি আছ আমার রাগে-অনুরাগে,
শ্রবণে, মননে, কল্পনায়-
আমার সঞ্চয়িতা গীতাঞ্জলি গীতবিতানের পাতায়।
তুমি আমার সেই পরম প্রিয়।

No comments:

Post a Comment