Thursday, May 30, 2024

কবিতা- বদ্রীনাথ পাল

মহান ছেলে 

বছর পরে বৈশাখ যেই আসে-
অন্তরেতে মুখটি যে তাঁর ভাসে,
দুঃখ সুখের চাওয়া পাওয়ার মাঝে- 
তিনিই থাকেন রাজার রাজা সাজে।

জীবন বীণার প্রতি তারে তারে- 
মূর্ছনা যাঁর কেবলই ঝংকারে,
আঁধার মাঝে আলোক রেখা যিনি-
হৃদ আসনের দেবতা যে তিনি !

যাঁর পরশে ভোরের কোকিল ডাকে -
বাউল নাচে মেঠো পথের বাঁকে,
ঢেউয়ের মাতন জাগে নদীর কূলে-
মৌমাছি ধায় ফুল হতে আন ফুলে !

দুখ হতাশায় আশার আলো জ্বেলে -
এগিয়ে আসেন যিনি দু'হাত মেলে,
যাঁর লেখনী শ্রাবণ ধারার মতো-
দেয় ধুইয়ে রুক্ষ কঠিন যতো !

তিনিই হলেন জগৎ সেরা কবি -
বাংলা মায়ের মহান ছেলে "রবি",
জন্মদিনে তাঁর চরণের 'পরে-
অঞ্জলী তাই দিই গো দু'হাত ভরে !

No comments:

Post a Comment