Friday, May 31, 2024

কবিতা- তপন বন্দোপাধ্যায়

রবীন্দ্রনাথেই আছি মগ্ন


কালো জোব্বায় ঢাকা সারা দেহ সাদা চুল দাড়ি গোঁফ
সৌম্য চেহারা কে ওই বৃদ্ধ, উজ্জ্বল দুটি চোখ
হাত নেড়ে যেন কাকে ডাকছেন, তাঁর কাছে যেই গেছি
মনের ভিতর পবিত্রতা আর ভালো-লাগা মেশামিশি;

অতিকৈশোরে সেই মানুষটি দিয়েছেন হাতে তুলে
মোটাসোটা এক মহাগ্রন্থ, তার প্রতি পাতা খুলে
ছিলাম মগ্ন কত-কত মাস, কত রাত হল ভোর যে
আমার জীবন উপচে পড়ছে কোটি কোটি ঐশ্বর্যে;

সেই বই নিয়ে ঘুরি সারাদিন, ঘুমোতেও রাখি পাশে
মুখস্থ করেছি কত যে কবিতা, আবৃত্তির উচ্ছ্বাসে
সেই বই ছিল বাঁচার রসদ, সেই বই ছিল গীতা
আজও কাছে আছে সেই ছেঁড়া বই, আমার সঞ্চয়িতা;

সেই থেকে তাঁর বসত আমার নিশ্বাস-প্রশ্বাসে
কখনও গল্পে, কখনও নাটকে, কখনও উপন্যাসে 
কখনও আমাকে শিহরিত করে 'ছিন্নপত্র' ছবি
কখনও পড়ছি 'চার অধ‍্যায়' বা 'রক্তকরবী'।

তবে নিশ্চয় সবার উপরে হাজার দুয়েক গান
রবীন্দ্রগীতি যতবার শুনি রক্তে তুফান বান
রয়েছি আনন্দে রয়েছি দুঃখে বা প্রতীক্ষায় কারও
তাঁর লেখা কোনও পঙক্তিতে ছুঁয়ে একাত্ম হই আরও;

দেশবিদেশের কত বই পড়ি, কত গান শুনি রোজ
ঘুরেফিরে সেই রবীন্দ্রনাথেই পাই জীবনের খোঁজ
আরও একবার আকাশে বাতাসে তিনি দিয়েছেন ডাক
ভোর-ভোর উঠে দেখি এসে গেছে  পঁচিশে বৈশাখ ।

No comments:

Post a Comment