Thursday, May 30, 2024

কবিতা- সুজন দাশ

রবি তুমি রবির মতোই 


রবি তুমি রবির মতোই ছড়াও যেন আলো,
ভাব সাগরে ডুবলে তোমার রয় না মনে কালো! 
তোমার গানে প্রাণের পরশ সতেজ ছবি আঁকে,
মনটি হারায় দূর অজানায় উদাস নদীর বাঁকে! 

কাব্য তোমার নাব্যতা দেয় মনের গহীন হ্রদে,
শুচির বাতাস ছড়ায় রুচি পাল্টে ফেলে বদে।
চেতন তারে উড়াও কেতন ভাবটি জাগাও প্রাণে, 
ভাসাও তুমি আলোর স্রোতে শুভ্রতা দাও ঘ্রাণে!   

রবি তুমি মন আকাশে উড়াও স্বপ্ন ঘুড়ি, 
ভাষার মাঠে আশার ফসল ফলাও ভুরি ভুরি! 
মালির মতো ফুল ফুটালে সকল গাছে তুমি, 
তোমার হাতের জাদুর ছোঁয়ায় জাগলো গোটা ভূমি!

গীতাঞ্জলি অঞ্জলি দেয় সবার মানস পটে, 
আনলো জিতে নোবেল পদক বঙ্গভূমির তটে! 
কীর্তি মেখে আজও তোমার গর্বে সবে জাগে,
ভাসাও তুমি সবাই কিন্তু প্রীতি ও প্রেম রাগে।

No comments:

Post a Comment