Friday, May 31, 2024

কবিতা- নির্মলেন্দু গুণ

রবীন্দ্রনাথের বাঁশি


যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে,
যারা কবিতা লিখতো মধ্যরাতে, সেইসব চাষী,
সেইসব কারখানার শ্রমিক, যারা ইস্পাতের 
আসল নির্মাতা,  যারা তৈরী করে স্নো-বিস্কিট, 
আমার জন্য শার্ট, নীলিমার জন্য শাড়ি, তারা এখন
অন্য মানুষ, তাদের বাড়ি এখন প্রতিরোধের দুর্গ ।

যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে,
যারা পাঠ ছাত্র ছিল পাঠশালার, বিশ্বের, সভ্যতার
কিংবা প্রকৃতির, সেইসব ছাত্র-শিক্ষক-শ্রমিক
একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্যরকম;
ওরা এখন গান গায় না, ওরা এখন অন্য মানুষ ।

কাঠের লাঙল যারা চেপে রাখতো মাটির ঔরসে,
সেইসব শিল্পী, সেইসব শ্রমিক
যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে,
যারা স্বপ্ন দেখতো রাতে - ; ধলেশ্বরী নদী-তীরে  
পিসীদের গ্রাম থেকে ওরা এখন  শহরে আসছে ।

কাঠের লাঙল ফেলে লোহার অস্ত্র নিয়েছে হাতে,
কপালে বেঁধেছে লালসালুর আকাশ,
শহর জয়ের উল্লাসে ওরা রবীন্দ্রনাথকে বলছে 
স্বাধীনতা, রবীন্দ্রনাথের গানকে করেছে স্টেনগান । 
যারা গান গাইতো, বাঁশিতে আঙুল রেখে 
যারা কবিতা লিখতো রাতে, সেইব চাষী
আজ যুদ্ধের অভিজ্ঞ -কৃষক 
তোমার জন্য বন্দুকের নল আজ আমারো হাতের বাঁশি ।

No comments:

Post a Comment