রবির ছবি
ভোরে উঠেই ছোট্টবেলা স্কুলে যেতাম চলে
বোশেখ মাসে পঁচিশ তারিখ কেউ কখনো ভোলে ?
সেদিন থেকেই নিবিড় করে পঁচিশ পুষি মনে
কৃষ্ণচূড়া ডাক দিয়ে যায় বোশেখ সমীরণে ।
কোপাই জলে দুলছে ঢেউ, খুশির বৈতালিক,
সুর যেন সে ছড়িয়ে দিল আজকে চতুর্দিক ।
হাসতে থাকে ভুবনডাঙা, কিরণ ঢালে রবি
চোখের ওপর ভাসতে থাকে ছাতিম তলার ছবি ।
আমরা তখন ঘোর নিদাঘে উন্মাদনায় ভাসি
মঞ্চে রাখি কবির ছবি , বকুল রাশি রাশি ।
কাটাই বেলা কবির কথা-কাব্য-নৃত্য-গানে
পরশ তাঁহার বুঝতে পারি,ভরসা আসে প্রাণে ।
কিন্তু এবার 'করোনা' এক দেয় পঁচিশে ছেদ
থেমে গেল পরম্পরা ! মনের মাঝে খেদ।
তবুও পঁচিশ প্রাণের প্রিয়, বুকের মাঝে রাখি
লকডাউনেই একলা ঘরে রবির ছবি আঁকি ।
সুন্দর রবি বন্দনা।
ReplyDelete