Friday, May 31, 2024

কবিতা- গৌতম মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের প্রতি


এই তমস্বিনী প্রহরে তুমি আমার অমৃতপ্রহর
তোমার সৃষ্টির বীজ যে বনস্পতি এনেছে
তার ছায়াস্নিগ্ধ আশ্রয়ে 
আমার বিষকণ্ঠ গলায় অনেক শান্তির 
প্রলেপ এঁকেছি। 
অনেক প্রশান্তির প্রলেপ।
তুমি সূর্যের আশ্বাসে ভরেছো অবিশ্বাসী জীবনের প্রহর তোমার সৃষ্টির দানে অফলন্ত মরুভূমি 
ফসল ফলানোর মাতৃ আস্বাদে তৃষ্ণার্ত হয়ে ওঠে। 
জীবনের অভিশাপ তুমি মুছে দিতে পারো
 তোমার বসন্তের পলাশী বিশল্যকরণী দিয়ে। 

তোমার মৃত্যুঞ্জয়ী বানী জানিয়ে দিয়েছে
আমরা আসলে অমৃতপুত্র সত্যের আলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। 
তোমার দেখিয়ে দেওয়া চৈতন্যের আলো 
জানিয়ে দিয়েছে এ জীবন ব্যর্থ নয়। 
তুমি বলেছো রাত্রি অন্ধ হলেও রাত্রির  গর্ভে আসন্ন সকালের আলোকপুরুষ।
তুমি বলেছো ফুলের কীট সত্য হলেও  শেষ নয়।
মাধুর্যেই তার অনন্ত অধিকার।
তোমার আলোকদানে আকাশে পেয়েছি
          অনেক  ফাল্গুনী চাঁদ
তোমার  দানে ভরেছি বৃষ্টিভেজা স্বর্ণবীজ
তোমারই পথে পেয়েছি আলোক সূর্যের ঠিকানা।

No comments:

Post a Comment